Loading...

উন্নয়নকাজের অগ্রগতির সঙ্গে দিতে হবে সচিত্র প্রমাণ
বুধবার স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেলের সই করা চিঠিতে কার্যবিবরণী পাঠানোর আইনি বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।


দেশের প্রত্যেক উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সভা অনুষ্ঠিত হওয়ার সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে কার্যবিবরণী পাঠাতে হবে। এতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমসহ উপজেলা পর্যায়ের সামগ্রিক উন্নয়নকাজের অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরতে বলা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেলের সই করা চিঠিতে কার্যবিবরণী পাঠানোর আইনি বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকার এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে। কিন্তু স্থানীয় সরকার বিভাগের নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিতভাবে এই বিধান অনুসরণ করছে না।
সময়সীমার মধ্যে কার্যবিবরণী না পাওয়ায় উপজেলা পর্যায়ে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা যাচ্ছে না। বিশেষ করে বিভিন্ন ভবনে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কেন্দ্রীয়ভাবে হালনাগাদ তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ছে।
এ অবস্থায় এখন থেকে আইন অনুযায়ী নিয়মিত কার্যবিবরণী পাঠাতে উপজেলা পরিষদগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কার্যবিবরণীতে শুধু সভার সিদ্ধান্ত উল্লেখ করলেই হবে না; উপজেলা পরিষদের কাছে ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরতে হবে। সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ কতটুকু বাস্তবায়িত হয়েছে, কোনো কাজ চলমান বা অসম্পূর্ণ রয়েছে কি না এবং বাস্তবায়নে কী ধরনের সমস্যা দেখা দিয়েছে—এসব তথ্যও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
অগ্রাধিকারমূলক উন্নয়নকাজের অগ্রগতি প্রমাণে কার্যবিবরণীর সঙ্গে রঙিন ছবি সংযুক্ত করতে হবে। কোনো প্রকল্প বা কাজ শুরুর আগের পরিস্থিতি এবং কাজ শেষ হওয়ার পরের অবস্থা তুলনামূলকভাবে দেখানোর সুযোগ থাকলে দুটি ছবি পাশাপাশি বসিয়ে পাঠাতে বলা হয়েছে। এতে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রকল্প বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি যাচাই করা সহজ হবে বলে মনে করছে স্থানীয় সরকার বিভাগ।
নির্দেশনা অনুযায়ী, সভার কার্যবিবরণীর সফটকপি স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। একই সঙ্গে এর হার্ডকপি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছেও কার্যবিবরণীর অনুলিপি পৌঁছাতে হবে।
উপজেলা পরিষদের সিদ্ধান্ত, বাস্তবায়ন অগ্রগতি এবং সরকারি অর্থে পরিচালিত উন্নয়নকাজ নিয়মিত নজরদারির আওতায় আনতেই নতুন করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন তদারকি আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ০৮ অক্টোবর ২০২৬