Loading...

আন্তর্জাতিক প্রবীণ দিবস
মাসে ৭০০ টাকা—৩০ দিনের হিসাবে দিনে প্রায় ২৩ টাকা। বাংলাদেশের বয়স্ক ভাতার এই অঙ্ক আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয় প্রবীণদের। কিন্তু খাদ্য, ওষুধ ও পরিচর্যার পুরো ব্যয় বহনের নিশ্চয়তা দেওয়া হয় না। নিরাপদ বার্ধক্যের প্রশ্ন তাই ভাতার পাশাপাশি চিকিৎসা, আবাসন ও দৈনন্দিন কাজে সহায়তার ব্যবস্থাও সামনে আনে।


মাসে ৭০০ টাকা—৩০ দিনের হিসাবে দিনে মাত্র ২৩ টাকা।! বাংলাদেশের বয়স্ক ভাতার এই অঙ্ক আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয় প্রবীণদের। কিন্তু খাদ্য, ওষুধ ও পরিচর্যার পুরো ব্যয় বহনের নিশ্চয়তা দেওয়া হয় না। নিরাপদ বার্ধক্যের প্রশ্ন তাই ভাতার পাশাপাশি চিকিৎসা, আবাসন ও দৈনন্দিন কাজে সহায়তার ব্যবস্থাও সামনে আনে।
বাংলাদেশে এই প্রয়োজন ক্রমেই বাড়ছে। ২০২২ সালের জনশুমারির তথ্য ব্যবহার করে বিশ্বব্যাংক জানিয়েছে, দেশের প্রায় ৯ দশমিক ৩ শতাংশ মানুষের বয়স ৬০ বছর বা বেশি। দীর্ঘায়ুর সঙ্গে বাড়ছে দীর্ঘদিন রোগ নিয়ে বেঁচে থাকা আর দৈনন্দিন জীবন চালাতে প্রয়োজন হয় অন্যের সহায়তার।
২০২৩ সালে প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশবিষয়ক সমীক্ষায় প্রবীণদের চিকিৎসায় প্রশিক্ষিত কর্মীর ঘাটতি, পুনর্বাসনসেবার সীমাবদ্ধতা এবং সমন্বিত পরিচর্যার দুর্বলতা চিহ্নিত হয়। প্রবীণসেবায় নিয়মিত ওষুধ, পরীক্ষা, পুনর্বাসন ও বাসায় প্রয়োজনীয় সহায়তা—সবগুলো প্রয়োজনই গুরুত্বপূর্ণ।
এমন বাস্তবতায় আজ ১ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসের বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
তার বাণী অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরে বয়স্ক ভাতায় বরাদ্দ ৫ হাজার ২৩৯ কোটি টাকা। প্রবীণদের একটি বড় অংশের অসুস্থতা, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার কথাও তিনি তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বয়স্ক ভাতা সম্প্রসারণ, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছেন। প্রবীণদের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখা এবং জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সুরক্ষা দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।
সরকারি সহায়তায় অগ্রগতি হয়েছে। তবে সেটি কি যথেষ্ট? সেপ্টেম্বরে সংসদে সমাজকল্যাণমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বয়স্ক ভাতার সুবিধাভোগী ৬১ লাখ থেকে ৬২ লাখ এবং মাসিক ভাতা ৬৫০ থেকে ৭০০ টাকা হয়েছে। গুরুতর নির্দিষ্ট রোগে আক্রান্ত যোগ্য ব্যক্তিদের এককালীন চিকিৎসা সহায়তাও এক লাখ টাকায় উন্নীত হয়েছে; তবে এটি শুধু প্রবীণদের কর্মসূচি নয়।
চাঁদাভিত্তিক সর্বজনীন পেনশন ভবিষ্যৎ বার্ধক্যের আরেক সুরক্ষা। এতে পেনশন পেতে সাধারণভাবে অন্তত ১০ বছর চাঁদা দেওয়ার শর্ত রয়েছে। ফলে বৃদ্ধ ও আয়হীন ব্যক্তির তাৎক্ষণিক সংকট সমাধানে এই ব্যবস্থা ফলপ্রসু নয়। আবাসনের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে আট বিভাগের আটটি শান্তি নিবাসে মোট ২০০ আসনের কথা উল্লেখ আছে। এটি ওই কর্মসূচির সক্ষমতা, দেশের সব প্রবীণ নিবাসের মোট হিসাব নয়।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রবীণদের সুযোগ-সুবিধা কতটা সামঞ্জস্য রয়েছে এবার দেখা যাক সেটি।

ভিন্ন মুদ্রার অঙ্ক সরাসরি তুলনা করলে ভুল ধারণা তৈরি হতে পারে। স্থানীয় জীবনযাত্রার ব্যয়, যোগ্যতার শর্ত ও সেবার পরিধি আলাদা। দরিদ্রদের ভাতা, চাঁদাভিত্তিক পেনশন এবং চিকিৎসা বিমাও একই ধরনের সুবিধা নয়। এই উদাহরণগুলো সুবিধার ধরন বোঝায়, দেশগুলোর সামগ্রিক অবস্থানের ক্রমতালিকা নয়।
তবে তুলনা থেকে একটি বিষয় স্পষ্ট। তা হলো- বার্ধক্যের সুরক্ষা গড়ে ওঠে আয় ও সেবার সমন্বয়ে। ভারতের উদ্যোগ বড় হাসপাতালব্যয়ের ঝুঁকি সামলায়; জাপানের ব্যবস্থা পরিচর্যার দায়িত্ব পরিবার ও সামাজিক বিমার মধ্যে ভাগ করে। বাংলাদেশের ভাতা সম্প্রসারণের সঙ্গে এই দুটি প্রয়োজন মোকাবিলার পরিকল্পনাও জরুরি।
বিশ্বব্যাংকের সমীক্ষায় পর্যাপ্ত অর্থায়ন, প্রবীণসেবায় প্রশিক্ষণ এবং প্রাথমিক চিকিৎসায় সমন্বিত পরিচর্যার সুপারিশ রয়েছে। সেই পথে নিয়মিত ওষুধ, সহজলভ্য পরীক্ষা, বাসায় সহায়তা ও স্বচ্ছ সুবিধাভোগী নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পরীক্ষা। নিরাপদ বার্ধক্যের মূল্যায়ন করতে হবে প্রবীণ মানুষের দৈনন্দিন জীবনে সেই সুরক্ষা কতটা পৌঁছাল, তা দিয়ে।
নবোদয়/ এসএন/ জেডআরসি/ ০১ অক্টোবর ২০২৬