Loading...

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু
জামিন আবেদনে বলা হয়, ঘটনার সময় গাড়িটির চালকের পাশের আসনে বসেছিল আজান। নিহত মেহেদী শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। হর্ন বাজানোর পরও তিনি দ্রুত সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে বলে দাবি করেছে আসামিপক্ষ।


রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর মামলায় গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফ জামিন চেয়েছে। তার আইনজীবীর দাবি, ঘটনার সময় আজান গাড়ি চালাচ্ছিল না; সে চালকের পাশের আসনে বসা ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা হয়েছে বলেও জামিন আবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আজানের পক্ষে আইনজীবী মো. আলমগীর হোসেন জামিন আবেদন করেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
জামিন আবেদনে বলা হয়, ঘটনার সময় গাড়িটির চালকের পাশের আসনে বসেছিল আজান। নিহত মেহেদী শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। হর্ন বাজানোর পরও তিনি দ্রুত সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে বলে দাবি করেছে আসামিপক্ষ।
আবেদনে আরও দাবি করা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে আজানের পরিবারের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে বাদীপক্ষের কাছ থেকে এ আপস বা অর্থ গ্রহণের বিষয়ে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে আজানকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আরিফীন ইসলাম। পুলিশের আবেদনে বলা হয়, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার পর প্রাইভেট কারের ডান পাশের চালকের দরজা খুলে আজানকে বের হতে দেখা গেছে।
তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আজানের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত চলমান থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন।
মেহেদীর মৃত্যুর ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে গাড়িটির চালক হিসেবে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় বেপরোয়াভাবে চালানো একটি প্রাইভেট কার মেহেদীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। গাড়িটি কে চালাচ্ছিল, তা নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করছে পুলিশ।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ২৪ সেপ্টেম্বর ২০২৬