Loading...

দেশের কত জেলা ঘুরেছেন?
‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা যাচ্ছে ব্যক্তিগত এই ভ্রমণচিত্র। ব্যবহারকারীরা কোন কোন জেলা ভ্রমণ করেছেন, তা নির্বাচন করলেই বাংলাদেশের মানচিত্রে সেগুলো আলাদাভাবে চিহ্নিত হয়ে যায়।


বাংলাদেশের কতটি জেলা ঘুরেছেন—হঠাৎ এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই বিপাকে পড়েন। ভ্রমণ করা জায়গাগুলোর তালিকা সাধারণত লিখে রাখা হয় না। ফলে সময়ের সঙ্গে কোনো কোনো জেলার নাম বাদ পড়ে যায়, আবার একই জেলা একাধিকবার হিসাবেও চলে আসতে পারে। এই সমস্যার সহজ সমাধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের একটি অনলাইন ভ্রমণ ম্যাপ।
‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা যাচ্ছে ব্যক্তিগত এই ভ্রমণচিত্র। ব্যবহারকারীরা কোন কোন জেলা ভ্রমণ করেছেন, তা নির্বাচন করলেই বাংলাদেশের মানচিত্রে সেগুলো আলাদাভাবে চিহ্নিত হয়ে যায়। একই সঙ্গে মোট ৬৪ জেলার মধ্যে কতটি ঘোরা হয়েছে, সেই সংখ্যাও দেখায় ম্যাপটি। ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন ম্যাপটি তৈরি করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ম্যাপ তৈরির জন্য প্রথমে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে আটটি বিভাগের অধীন দেশের ৬৪ জেলার তালিকা পাওয়া যাবে। ভ্রমণ করা জেলার নামের ওপর ক্লিক করে সেগুলো নির্বাচন করা যাবে। চাইলে পাশের বাংলাদেশের মানচিত্রে সরাসরি সংশ্লিষ্ট জেলার ওপর ক্লিক করেও নির্বাচন করা সম্ভব। নির্দিষ্ট জেলা দ্রুত খুঁজে পেতে রয়েছে সার্চ সুবিধা।

নির্বাচিত জেলার সংখ্যা ম্যাপের ওপর স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। কেউ ৬৪ জেলার মধ্যে ১৫টি ভ্রমণ করে থাকলে তাঁর হিসাবে দেখাবে ‘১৫/৬৪’। সব জেলা ঘোরা হয়ে থাকলে ‘সব বাছাই করুন’ অপশন ব্যবহার করা যাবে। ভুল হলে কিংবা নতুন করে নির্বাচন শুরু করতে চাইলে রয়েছে ‘অল ডিলিট’ সুবিধা।
শুধু জেলার হিসাব নয়, ম্যাপটি নিজের পছন্দ অনুযায়ী সাজানোর ব্যবস্থাও রয়েছে। ব্যবহারকারীরা পাঁচটি রঙের থিম থেকে পছন্দেরটি নির্বাচন করতে পারবেন। নিজের ছবি এবং নামও যুক্ত করা যাবে। নাম লেখা বাধ্যতামূলক নয়, নাম না দিলে ম্যাপের ওপরে ‘আমার বাংলাদেশ’ লেখা দেখা যাবে।
সব জেলা নির্বাচন ও সাজানো শেষ হলে ম্যাপটি পিএনজি, জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে। এরপর সেটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সম্ভব। অনেক ব্যবহারকারী ইতোমধ্যে নিজেদের ভ্রমণ ম্যাপ প্রকাশ করে জানাচ্ছেন, দেশের কতটি জেলা তাঁরা ঘুরেছেন এবং কতটি এখনো বাকি।
ওয়েবসাইটটিতে বিশ্ব ভ্রমণের হিসাব তৈরির সুবিধাও রয়েছে। ফলে দেশের জেলার পাশাপাশি কোন কোন দেশ ভ্রমণ করা হয়েছে, তার আলাদা ভ্রমণচিত্রও তৈরি করা যাবে।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ০৫ অক্টোবর ২০২৬