Loading...

গ্রাফিতি কান্ড
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক শনিবার আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে।


রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁরা বর্তমানে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক শনিবার আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে।
বেলা সাড়ে ১২টার দিকে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়। পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে এসআই খালেক বলেন, মামলার বিষয়টি তখনো নিশ্চিত নয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে তিনি জানান।
ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক নারী ব্রাশ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি লাগাচ্ছিলেন। পরে পুলিশ তাঁকে ও অন্যদের আটক করে গাড়িতে তোলে। আটকের সময় তাঁদের কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
আটক নারী পরে সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁকে একটি সাধারণ প্রতিবাদ কর্মসূচির কথা বলে শিল্পকলা একাডেমির সামনে নিয়ে যাওয়া হয়েছিল। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। তিনি অসুস্থ ছিলেন বলেও দাবি করেন।

এর আগে শিল্পকলা একাডেমিসংলগ্ন দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সত্যজিৎ রায়ের প্রতিকৃতি অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। বাংলাদেশের আরও গুণী ব্যক্তিকে রাখা যেত কি না এবং নারী ব্যক্তিত্বদের প্রতিকৃতি কেন নেই, তা নিয়েও আলোচনা হয়।
সম্প্রতি একাডেমির সীমানাপ্রাচীরে আঁকা প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও চিত্রশিল্পী এস এম সুলতানের ছবি। শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বাউলসম্রাট শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি এবং সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতিও রয়েছে সেখানে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর এলাকাটিতে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করে। এর অংশ হিসেবে দেয়ালে গুণী ব্যক্তিদের গ্রাফিতি আঁকা হয়। পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার পাশাপাশি বিশ্রামের জন্য বেঞ্চ বসানো হয়েছে। ফুটপাত পরিচ্ছন্ন রাখতে স্থাপন করা হয়েছে ডাস্টবিন। সীমানাপ্রাচীরও সংস্কার করা হয়েছে।
এসব কাজ শেষে গত ৫ অক্টোবর কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। উদ্বোধনের পাঁচ দিনের মাথায় দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনাটি ঘটল।
নবোদয়/ এআরজে/ জেডআরসি/ ১০ অক্টোবর ২০২৬